শেলি, পো, জীবনানন্দ, এবং...
পোএর সঙ্গে আমার পরিচয় কিশোর বয়সে। তার ছোটগল্পের মধ্যে দিয়ে। বাংলা অনুবাদে। কি কারণ ছিল জানি না, তবে নাইনে পড়া এক বালকের তার ফ্যানবয় হতে বেশি দেরি হয়নি। পরে বড় হয়ে যখন পো সম্বন্ধে পড়েছি, তখন জেনেছি, তিনি আমেরিকার ছোটগল্পের জনক। শুধু তাই নয়, পরবর্তীকালে মেরি শেলির পাশাপাশি বিশ্বসাহিত্যে গথিক ফিকশনের জন্মও দিয়েছেন তিনি। কিন্তু এই দুইয়ের বাইরেও যে একজন এডগার অ্যালান পো থেকে গিয়েছেন, সেটা আমি কয়েকবছর আগে পর্যন্ত জানতাম না। এবং সত্যি বলতে, কবিতা নিয়ে খোঁচাখুঁচি করতে গিয়ে The Poetic Principle হাতে না এলে জানতেও পারতাম না, আমেরিকান কবিদের অন্যতম একজনকে আমি কেবল ছোটগল্প লেখক বলেই জেনে এসেছি এতোদিন। ইংরেজি কবিতার সাথে আমার পরিচয় টেক্সট বইয়ের বাইরে হয়েছিল কোলরিজের কুবলাই খাঁ দিয়ে। পরে অবশ্য বুঝেছিলাম, ব্যাপারটা বৃহৎ স্তরের পেছনপাকামো হয়েছিল। তবে অদ্ভুতভাবে, কোলরিজ, শেলি ও কীটস যেভাবে আমাকে আকৃষ্ট করেছে, ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, টেনিসন সেভাবে করেনি কোনদিনই। কেন জানি না। এদের মধ্যে কোনকারণে শেলির কবিতা অদ্ভুতভাবে সাথে থেকে গেল। খুঁজে খুঁজে পড়ে ফেললাম বেশ কিছু। তখন ঘরে কম্পিউটার ছিল না, ইন্ট...