প্রেম কী ও কেন
প্রেম শব্দটা বড়ো অদ্ভুত। আদপে বস্তুটিও। অদ্ভুত বলছি, কারণ, এ এমন জিনিস, যার বাস্তবিক ভিত্তি, এই পৃথিবীতে অন্তত, খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আপনার কাউকে দেখে ভালো লাগলে, তা আদপে বিশুদ্ধ যৌন আকর্ষণ। একসাথে কথা বলতে, সময় কাটাতে ভালো লাগছে, ওরে বন্ধুত্ব কয়। পারস্পরিক সহায়তায় দুজনেই একে অন্যের পরিপূরক হয়ে উঠছেন, ওটা যৌথযাপন। একটা সময়ের পরে খুব একটা পোষাচ্ছে না একে অন্যকে, তবুও ছেড়ে যাচ্ছেন না, অবাক হবেন না, প্রেম নয়, একে বলে অভ্যেস। আর শেষ বয়সে এসে, যখন আর কোন কিছুই অবশিষ্ট নেই, কিন্তু একজনের জন্য অন্যজন রাত জেগে শুশ্রূষা করছেন, চিন্তায় দৌড়াদৌড়ি করছেন, এ হল মায়া। এবার জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সাথে এর প্রত্যেকটি অনুভূতিই একাধিকবার অনুভব করেন যেকোন মানুষ। সে সুন্দর, বুদ্ধিমান, সপ্রভিত নারী বা পুরুষের প্রতি আকর্ষণই হোক, বা বাড়ির পোষ্যটির বিদায়কালে চোখ ভাঙা জল। তবে প্রেম আসলে কী? এই সবগুলোর মিলিত ফলাফল? নাকি তার থেকেও বেশি কিছু? প্রেমের সবথেকে গুরুত্বপূর্ণ দিক, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সময় এবং পরিবর্তনশীলতা। যে কারণে মানুষে মানুষে প্রেম হয়, আর মানুষে বস্তুতে নেশা। তা...