বাউল ও প্রেমিকেরা

 ভুলতে চাইলেই কী ভোলা যায় রে? বলতে বলতে বহুদূরের রাস্তায় মিলিয়ে যাচ্ছে কোন এক বাউল।

এমন এক স্বপ্ন রোজ দেখি। ঘুমের মধ্যে, বাইরেও। রাস্তায় হাঁটতে হাঁটতে সামনে এসে পড়ে সে। আবার বলে, ভুলতে চাইলেই কী...

ভুলতে কেন চায় মানুষ? অন্যের উপর বিশ্বাস নেই বলে? বিশ্বাস, নাকি ভরসা? বাউল বলেছিল, ভুলতে আসলে মানুষ নিজেকে চায়। নিজেকে বিশ্বাস করতে না পারা মানুষ। ভয় পেয়ে আটকে যাওয়া, উত্তরের অপেক্ষা  না করে চলে আসা মানুষ। 

যদি ভেঙে যায়? অথচ ভাঙতেই তো সে বার বার চেয়েছে সারা জীবন।

আমাকে ছুঁয়ে যে রাত জন্ম নিল, তোমার ঘরের বাইরে সে থমকে দাঁড়িয়ে রয়েছে। যে ঘরে আধো আলো, আধো অন্ধকারে শুয়ে রয়েছ। জানলার ফাঁক দিয়ে আসা আলোরা অদ্ভুত নকশা বুনেছে বালিশে ছড়িয়ে থাকা অবিন্যস্ত তোমার উপর। ঘুমের মধ্যে মাঝেমধ্যে অস্পষ্ট কথা বলে ফেলছ। ভোরবেলা ঠান্ডা বাড়লে, নিশ্চিন্ত আশ্রয়ে জড়িয়ে নিচ্ছ কম্বল। 

ভোরের রোদ এসে পড়ল যখন, তখনও তুমি ঘুমিয়ে। আরেকটু বাদেই উঠে পড়বে। তোমাকে ছুঁয়ে থাকা রোদেরা ঘুরে বেড়াবে ঘরের চারিপাশে, চিনে নেবে আনাচকানাচ। বেলা বাড়লে তাদের কেউ যাবে ক্লাসের দিকে, কেউ বা অপেক্ষা করবে ক্যান্টিনের ঠিক বাইরের লনটায়। ততোক্ষণই, যতক্ষণ না শীতের নরম ওম তুমি হয়ে যাও।

বিকেলে আকাশের মুখ ভার হলে বৃষ্টির মুখে সবাই ঘরমুখো। পাতার ফাঁকে জমে থাকা জলের মতো সন্ধ্যেরা খসে পড়ছে টুপটাপ। বৃষ্টির অবিরাম সিম্ফনি মাঝে মাঝে পায়ের শব্দে ভেঙে যাচ্ছে। নিজের থেকে তাদের সরিয়ে নিতে নিতে দেখছ, রাত নামছে শহরের বুকে। গতকালও যাওয়ার আগে যে বলেছিল, নীরব থাকো, ভালোবাসা ভুলে নীরব হয়ো, একলা হয়ো সময়। 

আমি তো সব ভুলে নীরবই হতে চেয়েছিলাম, তবে কেন জাগালে বাউল? কেন বোঝালে, ভালোবাসলে সব মানুষ রোদ্দুর হয়ে যায়?







Comments

Popular posts from this blog

প্রেমিক, প্রেম ও প্রেমিকারা

মেঘ, বৃষ্টি, রোদ...

ব্যর্থতার কুয়াশা